গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি
যোগফল প্রতিবেদক:
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক অসন্তোষের মুখে পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ছয়দানা ও হাড়িকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবনীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে অবস্থান নেন।
বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানায় সকাল ১০টার দিকে ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন